“ওলিমা” নিয়ে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ (পর্ব- ২)
বিসমিল্লাহির রাহমানির রাহিম ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা লাখনৌ মাদ্রাসার ওস্তাদ মাওলানা মোঃ যায়দ মাযাহেরি নদভি সাহেব কর্তৃক লিখিত “আওরঙ্গবাদ ইজতেমায় সাদ সাহেবের নতুন…
“ওলিমা” নিয়ে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ (পর্ব- ২)
বিসমিল্লাহির রাহমানির রাহিম ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা লাখনৌ মাদ্রাসার ওস্তাদ মাওলানা মোঃ যায়দ মাযাহেরি নদভি সাহেব কর্তৃক লিখিত “আওরঙ্গবাদ ইজতেমায় সাদ সাহেবের নতুন…
২ টি উৎস

সূচিপত্র
প্রকাশ ও যাচাই
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা লাখনৌ মাদ্রাসার ওস্তাদ মাওলানা মোঃ যায়দ মাযাহেরি নদভি সাহেব কর্তৃক লিখিত “আওরঙ্গবাদ ইজতেমায় সাদ সাহেবের নতুন বিভ্রান্তিকর বয়ান” কিতাবে সাদ সাহেবের বিরুদ্ধে ওলিমা সংক্রান্ত কয়েকটি অপবাদ প্রচার করা হয়েছে। সেগুলো হলোঃ

১। মাওলানা সাদ সাহেব নাকি বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমা শুধু খেজুর দিয়ে হত।
২। মাওলানা সাদ সাহেব নাকি বলেছেন যে, গোস্ত-রুটি দিয়ে ওলিমা করা সুন্নত পরিপন্থী।
৩। মাওলানা সাদ সাহেব নাকি বলেছেন যে, হযরত জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়েতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত-রুটি দিয়ে ওলিমা করেছেন। তাই আল্লাহর পক্ষ থেকে ভর্ৎসনা আসে, যার কারনে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের সম্মুখীন হন।
৪। মাওলানা সাদ সাহেবের বক্তব্য, “আজ যদি কেউ ওলিমায় খুরমা খাওয়ায়, তাহলে কেউ ওলিমা মানবে না”- এ কথাটি নাকি ভুল কারণ আর্থিক সঙ্গতি থাকা সত্ত্বেও ওলিমার মাঝে স্রেফ খেজুর বা শুষ্ক খেজুর বিলি করলে ওলিমার হক কখনোই আদায় হবে না।
৫। মাওলানা সাদ সাহেবের এই কথা নাকি ভুল যে, শুধু জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহা এর ওলিমায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত-রুটির আপ্যায়ন করেছিলেন। কারণ হাদিসের ব্যাখ্যাকারগণ বলেছেন, যদি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পরিমাণ আর্থিক সঙ্গতি থাকতো তাহলে তিনি হযরত জয়নাব রাযিআল্লাহু তাআলা আনহার ওলিমার মত সবগুলো বিয়েতে গোস্ত-রুটির আয়োজন করতে পারতেন।
৬। খেজুর নাকি বিয়ের সুন্নত, এটা ওলিমার সুন্নত নয়।
এখন আমরা এই প্রচারগুলোর তাহকীক জেনে নেই। প্রথমে আমরা আওরঙ্গবাদ ইজতেমায় মাওলানা সাদ সাহেবের ওলিমা সংক্রান্ত বয়ানটি শুনে নেইঃ
“বিয়েতে অপচয় থেকে বাঁচো। যত অপচয় হবে তত কষ্ট হবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সব বিয়েতে কখনো পনির খাইয়েছিলেন, কখনো খেজুর বন্টন করেছেন, কখনো খুরমা বিলি করেছেন। বলেছেন, খাও তোমাদের আম্মাজানের ওলিমা।
আজ যদি কেউ ওলিমায় খুরমা খাওয়ায় তাহলে কেউ ওলিমা মানবে না। কেউ ওটাকে ওলিমা মানবে না। কিন্তু এটাও সুন্নতের মধ্যে আছে। এক বিয়ে নয়, সব বিয়ে এমনই ছিল। শুধু হযরত জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে ব্যতীত, যেটাতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত-রুটির ব্যবস্থা করেছিলেন। হযরত জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহা এটা নিয়ে গর্ব করতেন যে, আমার বিয়েতে গোস্ত-রুটির ব্যবস্থা হয়েছিল।
আল্লাহর কুদরত, যে বিয়ে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময়ের অভ্যাস থেকে সরেছে, সেই বিয়েতেই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছে। আশ্চর্যের কথা যে, যে বিয়ে নবীজীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময়ের অভ্যাস থেকে সরেছে, সেটাতেই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছে। এটা চিন্তা করার কথা।
আমরা চিন্তা করি যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোস্ত-রুটির ওলিমা করার কারণে এসে বসে থাকা লোকদের চলে যাওয়ার অপেক্ষায় থাকার কারণে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে থাকে, তাহলে আমরা খেয়াল করি, আমরা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোস্ত-রুটির সুন্নত থেকে কত দূরে চলে গেছি। এখন কষ্টের, ধার করার, পেরেশানির, সুদের, আর ঋণে ডুবে যাওয়ার, বিয়েকে স্থগিত করে রাখার- কত ধরনের কষ্ট আসবে।”
এখন আমরা প্রথম মিথ্যা প্রচার অর্থাৎ মাওলানা সাদ সাহেব নাকি বলেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমা শুধু খেজুর দিয়ে হত- কথাটির তাহকিক জেনে নেইঃ

মাওলানা সাদ সাহেবের বয়ানে আমরা শুনলাম যে, তিনি বলেছেন যে,
“নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পনির, কখনো খেজুর, কখনো খুরমা দিয়ে ওলিমা করেছেন।
অথচ প্রচার করা হলো যে, তিনি নাকি বলেছেন যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমা শুধু খেজুর দিয়ে হত।”
এখান থেকে প্রমাণিত হয় যে, উক্ত প্রচারটি হচ্ছে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ।
প্রসঙ্গত উল্লেখ করি, মাওলানা সাদ সাহেবের এই পুরো বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে, বিয়েতে অপচয় না করা। যেটা তিনি তার বয়ানের প্রথমেই বলেছেন। বর্তমান যুগে বিয়েতে অতিরিক্ত খরচ হয় বা অপচয় হয়। বিশেষ করে খানাপিনার লাইনে অনেক বেশি অপচয় হয়। এটাকে দূর করার জন্য তিনি তাঁর বয়ানের দ্বারা আমাদেরকে মেসেজ দিয়েছেন যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কত সাধারন বস্তুর দ্বারা ওলিমা হয়ে যেত। আর উদাহরণ হিসেবে বলেছেন যে, খেজুর, পনির, খুরমা ইত্যাদি অর্থাৎ সাধারণ বস্তু দ্বারা ওলিমা হয়ে যেত। এখন আমরা এটার স্বপক্ষে দলীল দেখবঃ
ইসলামিয়া কুতুবখানা কর্তৃক প্রকাশিত “মিশকাতুল মাসাবীহ” গ্রন্থের চতুর্থ খন্ডের ৩৮৩ নং পৃষ্ঠার ২৯৬৩ নং হাদিসে লেখা আছেঃ


“হযরত আয়েশা রাযিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “স্বল্প খরচের বিবাহ সর্বাপেক্ষা বরকতময়।”
আর এ কারণেই মাওলানা সাদ সাহেব বিয়েতে অতিরিক্ত খরচ বা অপচয় থেকে বিরত থাকতে বলেছেন।
এখন আরেকটি হাদীস দেখি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “বুখারী শরীফ” এর অষ্টম খন্ড, অনুচ্ছেদের নাম “একটি ছাগলের চেয়ে কম কিছুর দ্বারা ওলিমা করা”, হাদিস নং ৪৭৯৪ এ দেখতে পাইঃ

“হযরত সাফিয়া বিনতে শায়বা রাযিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কোন এক স্ত্রীর শাদীতে দুই মুদ (চার সের) পরিমান যব দ্বারা ওলিমার ব্যবস্থা করেন।”
এখন আরেকটি হাদীস দেখি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “সুনানু ইবনে মাজাহ” কিতাবের দ্বিতীয় খন্ড, অনুচ্ছেদের নাম “ওলিমা প্রসঙ্গে”, হাদিস নং ১৯১০ এ আমরা দেখতে পাইঃ

হযরত আনাস ইবনে মালিক রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ
“আমি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ওলিমায় উপস্থিত ছিলাম। এতে না গোস্ত ছিল, না রুটি।”
এখন আরেকটি হাদীস দেখি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “সুনানু ইবনে মাজাহ” কিতাবের দ্বিতীয় খন্ড, অনুচ্ছেদের নাম “ওলিমা প্রসঙ্গে” হাদিস নং ১৯০৯ এ আমরা দেখতে পাইঃ

“হযরত আনাস ইবনে মালিক রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাযিআল্লাহু তাআলা আনহা এর বিয়েতে ছাতু ও খুরমা দিয়ে ওলিমা করেছিলেন।”
এখন আরেকটি হাদিস দেখি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “সুনানু ইবনে মাজাহ” কিতাবের দ্বিতীয় খন্ড, অনুচ্ছেদের নাম “ওলিমা প্রসঙ্গে” হাদিস নং ১৯১২ এ আমরা দেখতে পাইঃ

“হযরত সাহল ইবনে সাদ সায়িদী রাযিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু উসায়দ সায়িদী তাঁর বিয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেন। এরপর কণে নিজেই তাদের খিদমতের কাজ সম্পন্ন করেন। তিনি (কণে) বলেনঃ তুমি কি জানো; আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পান করিয়েছিলাম? তিনি নিজেই বললেনঃ আমি রাতের কিছু শুকনা খেজুর পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সকাল বেলা আমি এগুলো নিংড়িয়ে তাঁকে পান করিয়েছিলাম।”
উপরোক্ত হাদিসগুলো থেকেও মাওলানা সাদ সাহেবের বক্তব্য প্রতীয়মান হয় যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমা সাধারণত গোস্ত-মুরগি ছাড়া সাধারণ বস্তু তথা যব, খুরমা, ছাতু ইত্যাদি দ্বারা হয়ে যেত।
এখন আমরা দ্বিতীয় মিথ্যা প্রচার অর্থাৎ মাওলানা সাদ সাহেব নাকি বলেছেন যে, গোস্ত-রুটি দিয়ে ওলিমা করা সুন্নত পরিপন্থী- কথাটির তাহকিক জেনে নেইঃ


আমরা মাওলানা সাদ সাহেবের বয়ানে শুনলাম যে, তিনি বলেছেন,
“জয়নাব রাযিআল্লাহু তাআলা আনহার বিয়েতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত-রুটির ব্যবস্থা করেছিলেন।”
আর আমরা সবাই জানি যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এখান থেকে প্রমাণ হয় যে, মাওলানা সাদ সাহেব গোস্ত-রুটিকেও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলেছেন। তারপরে তিনি আরো স্পষ্ট করে বলেছেন যে,
“তাহলে আমরা খেয়াল করি, আমরা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোস্ত-রুটির সুন্নত থেকে কত দূরে চলে গেছি।”
এখানেও মাওলানা সাদ সাহেব স্পষ্ট করেই বলেছেন যে, গোস্ত-রুটি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমার সুন্নত।
তাহলে বোঝা গেল, মাওলানা সাদ সাহেব গোস্ত-রুটিকেও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমার সুন্নত বলেছেন। কিন্তু তিনি তার পুরো বয়ানের কোথাও- গোস্ত রুটি দিয়ে ওলিমা করলে সেটা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিরোধী বা পরিপন্থী হবে- এমন কোন কথা বলেন নাই। তাই প্রমাণ হয় যে, মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে এই প্রচারটি হচ্ছে মিথ্যা অপবাদ।
প্রসঙ্গত উল্লেখ করি, মাওলানা সাদ সাহেব এখানে যা বলেছেন সেটা হল- গোস্ত রুটি হচ্ছে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট ক্ষেত্রের সুন্নত। আর গোস্ত-রুটি ছাড়া সাধারণ বস্তু দ্বারা ওলিমা করা হচ্ছে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময়ের সুন্নত বা সব সময়ের মামুল।
এখন আমরা এটার স্বপক্ষে দলীল দেখব। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “বুখারী শরীফ” এর অষ্টম খন্ডের হাদিস নং ৪৭৯০ এ আমরা দেখতে পাই যে,

“হযরত আনাস রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন শাদী করেন, তখন ওলিমা করেন। কিন্তু জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহার শাদীর সময় যে পরিমাণ ওলিমার ব্যবস্থা করেছিলেন, তা অন্য কারো বেলায় করেননি। সেই ওলিমা ছিল একটা ছাগল দিয়ে।”
এই হাদিস এবং পূর্বের হাদিসগুলো থেকেও বোঝা যায় যে, গোস্ত-রুটি হচ্ছে নবীজীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট ক্ষেত্রের সুন্নত এবং সাধারন বস্তু দ্বারা ওলিমা করা হচ্ছে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময়ের সুন্নত বা সবসময়ের মামুল।
এখন আমরা তৃতীয় মিথ্যা প্রচার অর্থাৎ মাওলানা সাদ সাহেব বলেছেন যে, জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত-রুটি দিয়ে ওলিমা করেছেন, তাই আল্লাহর পক্ষ থেকে ভর্ৎসনা আসে, যার কারণে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের সম্মুখীন হন- কথাটির তাহাকিক জেনে নেইঃ

আমরা ইতোমধ্যেই জেনেছি যে, মাওলানা সাদ সাহেব ওলিমায় গোস্ত-রুটিকে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পরিপন্থী বলেন নাই বরং গোস্ত-রুটিকে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমার সুন্নত বলেছেন। আর মাওলানা সাদ সাহেবের বয়ানে আমরা শুনলাম যে, তিনি বলেছেন যে,
“আমরা চিন্তা করি যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোস্ত-রুটির ওলিমা করার কারণে এসে বসে থাকা লোকদের চলে যাওয়ার অপেক্ষায় থাকার কারণে যদি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে থাকে, তাহলে আমরা খেয়াল করি, আমরা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোস্ত-রুটির সুন্নত থেকে কত দূরে চলে গেছি।”
এখানে মাওলানা সাদ সাহেব স্পষ্ট করে বলেছেন যে, যারা জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহার ওলিমায় এসে বসে ছিলেন অর্থাৎ খাবার শেষ করেও যারা বসে ছিলেন, তাদের চলে যাওয়ার অপেক্ষায় থাকার কারণে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছিল।
অথচ যায়দ মাযাহেরি সাহেব মাওলানা সাদ সাহেবের বয়ানের আগের অংশটুকুর অনুবাদ করলেও, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট পাওয়ার কারণ অর্থাৎ “বসে থাকা লোকদের চলে যাওয়ার অপেক্ষায় থাকার কারনে কষ্ট হয়েছিল” এই অংশটুকু অনুবাদ করেন নাই।

যায়দ মাযাহেরি সাহেবের এই কিতাবের কোথাও সাদ সাহেবের বয়ানের এই অংশটুকু নেই। তিনি এই অংশটুকুর অনুবাদ না করে তিনটি ডট বা ফোটা (…) দিয়ে গেছেন।
কারণ এই অংশটুকুর অনুবাদ করলে সবাই বুঝে ফেলবে যে, মাওলানা সাদ সাহেব নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট পাওয়ার কারণ কি বলেছেন। সেক্ষেত্রে আর এটা প্রচার করা যাবে না যে, মাওলানা সাদ সাহেব নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপত্তিকর কথা বলেছেন।
তাই এই অংশের অনুবাদ না করে প্রচার করা হয়েছে যে, মাওলানা সাদ সাহেব বলেছেন যে, গোস্ত-রুটির ওলিমা করার কারণে আল্লাহর পক্ষ থেকে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভর্ৎসনা এসেছে এবং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছে; যা কিনা মাওলানা সাদ সাহেবের উপর স্পষ্ট মিথ্যা অপবাদ এবং অনেক বড় খিয়ানত।
এখন আমরা জয়নাব রাযিআল্লাহু তাআলা আনহার ওলিমায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট পাওয়ার যে কারণ মাওলানা সাদ সাহেব তাঁর বয়ানে বলেছেন, সেটার স্বপক্ষে দলীল দেখবঃ
হায়াতুস সাহাবা চতুর্থ খন্ড ১৮০-১৮১ নং পৃষ্ঠায় আমরা দেখতে পাইঃ



“হযরত আনাস রাযিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জয়নাব রাযিআল্লাহু তাআলা আনহা এর ঘরে প্রবেশ করলেন, তখন আমাদিগকে এই উপলক্ষে রুটি-গোস্ত খাওয়াইলেন। খাওয়ার পর লোকজন বাহির হইয়া আসিলে কিছু লোক ঘরের ভিতর বসিয়া আলাপ করিতে লাগিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হইতে বাহির হইয়া আসিলেন। আমিও তার পিছন পিছন চলিলাম। তিনি তাহার অন্যান্য বিবিগনের একজনের ঘরে যাইয়া তাহাদিগকে সালাম করিতে লাগিলেন। আর তাহারাও জিজ্ঞাসা করিলেন, “ইয়া রাসুলাল্লাহ, আপনার পরিবারকে কেমন পাইলেন?” অতঃপর আমার স্মরণ নাই, আমিই তাহাকে খবর দিলাম, অথবা আর কেহ খবর দিল যে, লোকজন ঘর হইতে বাহির হইয়া গিয়াছে। অতএব, তিনি যাইয়া ঘরে প্রবেশ করিলেন। আমিও তাহার সহিত ঘরে প্রবেশ করিতে উদ্যত হইলে তিনি আমার ও তাহার মাঝে পর্দা ফেলিয়ে দিলেন। তারপর পর্দা সম্পর্কে আয়াত নাজিল হইল এবং লোকদিগকে আল্লাহ তাআলা যাহা নসিহত করিবার তাহা করিলেন।”
উক্ত আয়াতটি হল সূরা আহযাবের আয়াত ৫৩। আয়াতের অর্থঃ
“হে মুমিনগণ, তোমরা নবীর গৃহসমূহে প্রবেশ করিও না। কিন্তু যখন তোমাদিগকে আহারের জন্য অনুমতি দেওয়া হয়, তখনও এরুপে প্রবেশ হওয়া আবশ্যক যে, খাদ্য তৈয়ারীর প্রতীক্ষায় না থাকিতে হয়। অবশ্য যখন তোমাদিগকে খাওয়ার জন্য ডাকা হইবে, তখন প্রবেশ করিও। অতঃপর যখন আহার সমাপ্ত করো, তখন উঠিয়া চলিয়া যাইও এবং কথোপকথনে লিপ্ত হইয়া বসিয়া থাকিও না। ইহা নবীর পক্ষে কষ্টকর হইয়া থাকে কিন্তু তিনি তোমাদের খাতির করেন তাই কিছু বলেন না। আর আল্লাহ তাআলা পরিষ্কার কথা বলিতে লজ্জাবোধ করেন না।”
এখান থেকে আমরা বুঝলাম যে, জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহা এর ওলিমায় যারা এসেছিলেন, তাদের মধ্যে থেকে কিছু সাহাবী খাওয়ার পরেও বসেছিলেন। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চলে যাওয়ার অপেক্ষায় ছিলেন। এই অপেক্ষায় থাকার কারণে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়েছিল। আর মাওলানা সাদ সাহেবও তার বয়ানে এই কথাই বলেছেন।
এখন আমরা চতুর্থ মিথ্যা প্রচার অর্থাৎ মাওলানা সাদ সাহেবের বক্তব্য- “আজ যদি কেউ ওলিমায় খুরমা খাওয়ায় তাহলে কেউ ওলিমা মানবেনা।” এ কথাটি নাকি ভুল কারণ আর্থিক সংগতি থাকা সত্ত্বেও ওলিমার মাঝে স্রেফ খেজুর বা শুষ্ক খেজুর বিলি করলে ওলিমার হক কখনোই আদায় হবে না- এ প্রচারটির তাহকিক জেনে নেইঃ

উলামারা বলেন ওলিমার মধ্যে গোস্তের ব্যবস্থা করা ফরজও নয়, ওয়াজিবও নয়। যদি কারও সামর্থ্য থাকে তাহলে সে গোস্ত দিয়ে ওলিমা করবে। আর যদি কারও সামর্থ্য না থাকে বা নেহায়েত গরিব হয়, আর যদি সেই ব্যক্তি ওলিমায় গোস্তের ব্যবস্থা করতে না পারে, তাহলে সে গোস্ত ছাড়া সাধারণ কোন জিনিস দিয়ে ওলিমা করতে পারে।
কিন্তু আমাদের সমাজ এমন হয়ে গেছে যে, এ রকম সাধারন কোন জিনিস দিয়ে ওলিমা করলে সেটাকে ওলিমা হিসাবে মানবে না এজন্যই মাওলানা সাদ সাহেব বলেছেন যে,
“আজ যদি কেউ ওলিমায় খুরমা খাওয়ায় তাহলে কেউ ওলিমা মানবে না।”
মাওলানা সাদ সাহেব এখানে বলেন নাই যে, এমন কোন ব্যক্তি যে কোটি কোটি টাকার মালিক, সে যদি ওলিমায় খুরমা খাওয়ায়। বরং বলেছেন যে, কেউ যদি ওলিমায় খুরমা খাওয়ায়।
আর স্বাভাবিকভাবেই বুঝে আসে যে, কোনো গরিব ব্যক্তি যে কিনা ওলিমায় গোস্তের ব্যবস্থা করতে পারবে না, সেই হয়তো আজকের যুগে খুরমা বা এ রকম কোন সাধারন জিনিস দিয়ে ওলিমা করতে চাইবে।
যেহেতু মাওলানা সাদ সাহেব আর্থিক দিক দিয়ে সক্ষম বা ধনী ব্যক্তি উল্লেখ করে একথা বলেন নাই, তাহলে যায়দ মাযাহেরি সাহেবের আর্থিক দিক দিয়ে সক্ষম বা ধনী ব্যক্তির জন্য ওলিমার বিধান ও তার ব্যাখ্যা আনার কারণ কি? এবং এ রকম সম্পর্কহীন ব্যাখ্যা এনে মাওলানা সাদ সাহেবের বক্তব্যকে ভুল প্রমাণ করার জন্য অপচেষ্টা করার কারণটাই বা কি?
এখান থেকেই প্রমাণ হয় যে, যায়দ মাযাহেরি সাহেবের এই চেষ্টা আমানতদারী নয় বরং স্পষ্ট খিয়ানত। প্রসঙ্গত উল্লেখ করি, মাওলানা সাদ সাহেব অপচয় থেকে বেঁচে থাকার জন্য নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গোস্ত-মুরগী ছাড়া কত সাধারণ জিনিস দিয়ে ওলিমা হয়ে যেত, সেটা তুলে ধরেছেন। কিন্তু বর্তমান যুগের সর্ব সাধারন মুসলমানদের জন্য আমভাবে তিনি খেজুর, খুরমা ইত্যাদি দিয়ে ওলিমা করতে বলেন নাই। বরং বলেছেন, “এক খাবার” বা “একটি আইটেম” দিয়ে ওলিমা করতে।
মাওলানা সাদ সাহেবের উপরোক্ত বয়ানের শেষ অংশ শুনিঃ
“ওলিমা করো, অবশ্যই করো। ওলিমা করো, আগ্রহের সাথে করো। কিন্তু একটা সুন্নত ওলিমার এই যে, “এক খানা” হয়। ওলিমায় “এক খানা” হওয়া চাই।”
মাওলানা সাদ সাহেব এখানে বলেছেন যে, ওলিমায় “এক খানা” বা “এক আইটেম” হওয়া চাই। মানে হলো, হয় গরুর গোস্ত বা ছাগলের গোস্ত বা মুরগির গোস্ত বা মাছ। ওলিমায় যাতে বিভিন্ন রকমের খাবার বা বিভিন্ন আইটেম না হয়।
এখন আমরা এর স্বপক্ষে দলীল দেখি। হায়াতুস সাহাবা তৃতীয় খন্ডের ৩১৪ নং পৃষ্ঠায় লেখা আছেঃ

“আতা রহমতুল্লাহি আলাইহি বলেন, হযরত আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু তাআলা আনহুকে এক ওলিমাতে দাওয়াত দেওয়া হলো। তিনি সেখানে গেলেন এবং আমিও তার সাথে গেলাম। সেখানে তিনি রং-বেরঙের খানা দেখে বললেন,
“তোমাদের কি জানা নাই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খানা খেলে রাতে খেতেন না এবং রাতে খেলে দুপুরে খেতেন না”
এখান থেকে আমরা জানলাম যে, হযরত আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু তাআলা আনহু ওলিমায় বিভিন্ন রং-বেরঙের বা বিভিন্ন আইটেমের খানা পছন্দ করেন নাই। আর মাওলানা সাদ সাহেবও তার বয়ানে এটাই বলেছেন। তবে মাওলানা সাদ সাহেব ওলিমায় “এক খানা” বা “এক আইটেম” এর কথা বলেছেন। কিন্তু এই “এক খানা” বা “এক আইটেম” এর কোন পরিমাণ নির্ধারণ করেন নাই।
এখন কেউ যদি গরুর গোস্ত দিয়ে বিশাল ওলিমার ব্যবস্থা করতে চায়, তাহলে সে চাইলে ১০টি, ২০টি এমনকি ১০০টি গরু জবাই করেও ওলিমা করতে পারে। মাওলানা সাদ সাহেব কোন নিষেধাজ্ঞা দেন নাই। শুধু বলেছেন যাতে অপচয় না হয়।
এখন আমরা পঞ্চম মিথ্যা প্রচার অর্থাৎ মাওলানা সাদ সাহেবের এই কথা নাকি ভুল যে, শুধু জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহা এর ওলিমায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত-রুটির আপ্যায়ন করেছিলেন। কারণ হাদিসের ব্যাখ্যাকারগণ বলেছেন যে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পরিমাণ আর্থিক সঙ্গতি থাকতো তাহলে তিনি হযরত জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহা এর ওলিমার মত সবগুলো বিয়েতে গোস্ত-রুটির আয়োজন করতে পারতেন। এখন আমরা এটার তাহাকিক জেনে নেইঃ


মাওলানা সাদ সাহেব যা বলেছেন সেটা হল হাকিকত অর্থাৎ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমাগুলোতে আসলে কি ঘটেছিল, সেটা হল- নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নাব রাযিআল্লাহু তাআলা আনহা এর ওলিমায় গোস্ত-রুটির ব্যবস্থা করেছিলেন। কিন্তু অন্য ওলিমাগুলোতে গোস্ত-রুটির ব্যবস্থা করেন নাই বরং সাধারণ বস্তু দ্বারা ওলিমা করেছেন।
মাওলানা সাদ সাহেবের এই বক্তব্যটি বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ ইত্যাদি হাদিসগ্রন্থে আছে। আর যায়দ মাযাহেরি সাহেব এনেছেন সম্ভাবনা অর্থাৎ “যদি এমন হতো তাহলে এটা হতো”। আর এটা স্বাভাবিকভাবেই বুঝে আসে যে, হাকিকত বা আসলে যা ঘটেছিল সেটাকে সম্ভাবনা দিয়ে ভুল প্রমান করা যায় না।
একটা উদাহরণ খেয়াল করিঃ
একজন ব্যক্তি বলল যে, “আমি বাংলাদেশের নাগরিক”। আর প্রমাণ হিসেবে তার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দেখালো। অপরজন বলল, “আপনার এই বক্তব্য ভুল। মানে, আপনি বাংলাদেশের নাগরিক না। কারণ আপনি যদি আমেরিকায় জন্মগ্রহণ করতেন তাহলে আপনি আমেরিকায় বসবাস করে আমেরিকার নাগরিক হতেন। তাই আপনি বাংলাদেশের নাগরিক- এ কথাটি ভুল।”
প্রথমজন বলল, “আমি আপনার কথা মেনে নিলাম যে, যদি আমি আমেরিকায় জন্মগ্রহণ করতাম তাহলে আমি আমেরিকার নাগরিক হতাম। কিন্তু এর দ্বারা হাকিকত তথা আমি বাংলাদেশের নাগরিক- এটা কিভাবে মিথ্যা প্রমাণিত হয়? এটা তো হাস্যকর যুক্তি।”
ঠিক তেমনি মাওলানা সাদ সাহেব বলেছেন যে, “জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহা এর ওলিমায় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্ত-রুটির ব্যবস্থা করেছিলেন। কিন্তু অন্য ওলিমাগুলোতে সে ব্যবস্থা ছিল না।” এটা হলো হাকিকত বা আসলে যা ঘটেছিল। অথচ যায়দ মাযাহেরি সাহেব “যদি এমন হতো তাহলে এটা হতো” এ রকম সম্পর্কহীন ও হাস্যকর যুক্তি এনে হাকিকত বা আসল ঘটনাকে ভুল বলেছেন এবং অস্বীকার করেছেন।
এখানে লক্ষনীয় যে, কোন কোন ব্যাখ্যাকারগন লিখেছেন যে, যদি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর্থিক সঙ্গতি থাকতো তাহলে তিনি অন্য ওলিমাগুলোতেও গোস্ত-রুটির ব্যবস্থা করতেন। কিন্তু কোনো ব্যাখ্যাকার এটা লিখেন নাই যে, তার মানে হাকিকত বা আসল ঘটনা অর্থাৎ শুধু জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহা এর ওলিমায় গোস্ত-রুটির ব্যবস্থা হয়েছিল এই কথা ভুল। এ রকম উদ্ভট যুক্তি যায়দ মাযাহেরি সাহেব নিজের পক্ষ থেকে যুক্ত করেছেন।
যদি মাওলানা সাদ সাহেব বলতেন যে, যদি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর্থিক সঙ্গতি থাকতো, তারপরেও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত ওলিমা সাধারণ জিনিস তথা খেজুর, খুরমা, যব ইত্যাদি দিয়ে করতেন, তাহলে যায়দ মাযাহেরি সাহেব ব্যাখ্যাকারগণের উপরোক্ত যুক্তি আনতে পারতেন। কিন্তু মাওলানা সাদ সাহেব তার বয়ানের কোথাও এ রকম কোন কথা বলেন নাই। তাহলে যায়দ মাযাহেরি সাহেবের এ রকম উদ্ভট, হাস্যকর ও অপ্রাসঙ্গিক যুক্তি এনে সাদ সাহেবের বক্তব্যকে ভুল প্রমাণ করার কারণ কি?
যায়দ মাযাহেরি সাহেব সাদ সাহেবের কথাকে ভুল বলেছেন। আর এ কথাটি যেহেতু বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ গ্রন্থে আছে, তার মানে যায়দ মাযাহেরি সাহেব ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাঊদ, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি- সবাইকে ভুল বলেছেন। কারণ তারা সকলেই কথাটি তাদের হাদীসের কিতাবে এনেছেন। শুধু তাই নয়, মাওলানা যায়দ মাযাহেরি সাহেব কথাটিকে ভুল বলার দ্বারা মূলত এই হাদীসটিকেই অস্বীকার করেছেন। এখান থেকে প্রমাণ হয় যে, মাওলানা যায়দ মাযাহেরি সাহেবের এই অপচেষ্টা আমানতদারী নয় বরং স্পষ্ট খিয়ানত।
এখন আমরা মাওলানা সাদ সাহেবের বক্তব্য- নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহা এর ওলিমায় গোস্ত-রুটির ব্যবস্থা করেছিলেন। কিন্তু অন্য ওলিমাগুলোতে গোস্ত-রুটির ব্যবস্থা করেন নাই বরং সাধারণ বস্তু দ্বারা ওলিমা করেছেন- কথাটির স্বপক্ষে দলীল দেখিঃ
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “বুখারী শরীফ” এর অষ্টম খন্ডের ৪৭৯০ নং হাদীসে দেখতে পাইঃ

“হযরত আনাস রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন শাদী করেন, তখন ওলিমা করেন। কিন্তু হযরত জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহা এর শাদীর সময় যে পরিমাণ ওলিমার ব্যবস্থা করেছিলেন, তা অন্য কারো বেলায় করেননি। সেই ওলিমা ছিল একটি ছাগল দিয়ে।”
এখন আরেকটি হাদীস দেখি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “মুসলিম শরীফ” এর পঞ্চম খন্ডের ৩৩৬৭ নং হাদীসে দেখতে পাইঃ

“হযরত আনাস রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তার স্ত্রী জয়নাবের ওলিমা করতে দেখেছি, এইভাবে আর কোন স্ত্রীর ওলিমা করতে দেখিনি। জয়নাবের ওলিমায় তিনি একটি বকরি জবাই করেছিলেন।”
এখন আরেকটি হাদীস দেখি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “সুনানু ইবনে মাজাহ” দ্বিতীয় খন্ডের ১৯০৮ নং হাদিসে দেখতে পাইঃ

“হযরত আনাস ইবনে মালিক রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কোনো স্ত্রীর বেলায় এরুপ ওলিমা করতে দেখিনি, যেরূপ তিনি জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহা এর ওলিমায় করেছিলেন। কেননা, এ সময় তিনি একটি বকরী জবাহ করেছিলেন।”
এখন আরেকটি হাদিস দেখি। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত “আবু দাউদ শরীফ” এর চতুর্থ খন্ডের ৩৭০১ নং হাদিসে দেখতে পাইঃ

“একদা আনাস ইবনে মালিক রাযিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট জয়নাব বিনতে জাহাশ রাযিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের প্রসঙ্গ আলোচিত হয়। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো বিবির ব্যাপারে এরুপ ওলিমা করতে দেখিনি, যেরূপ তিনি জয়নাব রাযিয়াল্লাহু তাআলা আনহা এর ওলিমা করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বকরী দ্বারা ওলিমা করেন।”
উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝলাম যে, মাওলানা সাদ সাহেবের উক্ত বক্তব্য বুখারী, মুসলিম, ইবনে মাজাহ ও আবু দাঊদ শরীফে আছে।
এখন আমরা ষষ্ঠ মিথ্যা প্রচার অর্থাৎ খেজুর নাকি বিয়ের সুন্নত, এটা ওলিমার সুন্নত নয়- এই প্রচারটির তাহকিক জেনে নেইঃ
মাওলানা যায়দ মাযাহেরি সাহেব তাঁর কিতাবে লিখেছেন যে,

“খেজুর হচ্ছে বিয়ের সুন্নত, এটা ওলিমার সুন্নত নয়।”
অথচ এই কিতাবেরই ২৮ নং পৃষ্ঠায় তিনি লিখেছেন যে,

“হযরত সাফিয়্যা রাযিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গোস্ত-রুটির কোন আয়োজন রাখেন নি বরং খেজুরের ওলিমা করেছিলেন।”
এখানে তিনি বলেছেন যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়্যা রাযিয়াল্লাহু তাআলা আনহা এর ওলিমা খেজুর দিয়ে করেছেন- অর্থাৎ তার বক্তব্য পরস্পর বিরোধী। তিনি আগে দাবি করেছেন যে, খেজুর ওলিমার সুন্নত নয়, আবার পরে লিখেছেন যে, খেজুর ওলিমার সুন্নত।
উপরোক্ত আলোচনা থেকে প্রমাণ হয় যে, মাওলানা যায়দ মাযাহেরি সাহেবের এই কিতাবে স্পষ্ট মিথ্যা অপবাদ ও খিয়ানত থাকার পাশাপাশি পরস্পর বিরোধী বক্তব্যও বিদ্যমান।
যারা উপরের সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে দেখতে চান তারা নিচের ভিডিওটি ক্লিক করুন
নতুন নতুন তাহকিক পেতে ক্লিক করুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেইজেঃ


প্রতিটি সংশোধন গিট ইতিহাসে সংরক্ষিত।





